
|| নিজস্ব প্রতিবেদক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি যুগোপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিচালিত স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (৫ মে) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে নতুন উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি শিশুর জন্য আধুনিক ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় জানানো হয়, প্রাথমিক শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে ইতোমধ্যে ১৩টি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরকারের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে। এই মেগা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সারা দেশে জরাজীর্ণ স্কুল সংস্কার, ১১টি সিটি কর্পোরেশনের মডেল স্কুলের অবকাঠামো উন্নয়ন, খেলার মাঠ সংস্কার, প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ, দ্বিতীয় পর্যায়ের মিড-ডে মিল প্রকল্প এবং পার্বত্য অঞ্চলের বিদ্যুৎহীন বিদ্যালয়ে সৌরবিদ্যুতায়ন। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই-এর অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোও এই তালিকায় স্থান পেয়েছে।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (পিইডিপি-৫) নিয়ে আলোচনা করতে গিয়ে একটি সমন্বিত ডিজিটাল এডুকেশন ইকোসিস্টেম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা হবে পুরোপুরি প্রযুক্তিনির্ভর, যেখানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) ও স্মার্ট অ্যাসেসমেন্টের মতো বিষয়গুলো একই ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে। পাশাপাশি শিশুদের মৌলিক সাক্ষরতা, সংখ্যাজ্ঞান এবং ভাষা শিক্ষার দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
