
|| স্পোর্টস ডেস্ক ||
বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের মানোন্নয়ন ও নারী অ্যাথলেটদের দক্ষতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি শক্তিশালী করা এবং বাংলাদেশের যুব সমাজকে দক্ষ করে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও যুব উন্নয়নের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সরকার দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ কার্যক্রম শুরু করেছে, যার মাধ্যমে বাছাইকৃত কিশোর-কিশোরীদের বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রি নির্মাণে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা অত্যন্ত প্রয়োজন, যা স্থানীয় প্রশিক্ষক ও খেলোয়াড়দের বিশ্বমানের হয়ে উঠতে সাহায্য করবে।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের নারী ক্রীড়ার অগ্রগতির প্রশংসা করেন এবং বিশেষ করে কমনওয়েলথ গেমসকে সামনে রেখে সাঁতার, বক্সিং ও মার্শাল আর্টের মতো ইভেন্টগুলোতে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন। এ ছাড়া তিনি প্যারালিম্পিক গেমসে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
ব্রিটিশ হাইকমিশনারের এই প্রতিশ্রুতি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্রীড়াক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
