
|| নিজস্ব প্রতিবেদক ||
অনলাইন ব্যাংকিং ও মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রমবর্ধমান আর্থিক প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক বিশেষ বার্তায় এই সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে হ্যাকিং ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে সাধারণ গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, কোনো অবস্থাতেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের পিন (PIN), পাসওয়ার্ড বা ওটিপি (OTP) অন্য কারো সঙ্গে শেয়ার করা যাবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক বা আইএমএফ-এর মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ছড়ানো লাইসেন্সবিহীন অ্যাপ, জামানতবিহীন অনলাইন ঋণ কিংবা বিনিয়োগের প্রলোভন থেকে দূরে থাকতে বলা হয়েছে। সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা, অজানা উৎস থেকে ফ্রি অ্যাপ ডাউনলোড করা এবং অবৈধ অনলাইন জুয়া থেকে বিরত থাকার জন্য গ্রাহকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, লটারি বা অবিশ্বাস্য কোনো পুরস্কারের প্রলোভন দেখালে তা যাচাই না করে বিশ্বাস করা যাবে না এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে যেকোনো ধরনের আর্থিক লেনদেন ঝুঁকিপূর্ণ হতে পারে। ব্যাংকিং বা আর্থিক সেবা নিয়ে কোনো অভিযোগ কিংবা হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের হেল্পলাইন নম্বর ১৬২৩৬-এ যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা নিকটস্থ থানার সহায়তা নিতে বলা হয়েছে। নিজের অর্থ সুরক্ষিত রাখতে এবং ডিজিটাল অর্থনীতির নিরাপত্তা বজায় রাখতে গ্রাহকদের সর্বোচ্চ সচেতনতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
