
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর মতিঝিলে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত গণহত্যার ১৩ বছর উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শাপলা চত্বর গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং শহীদ পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এখন রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব।
বিবৃতিতে মোস্তফা তারেকুল হাসান বলেন, ১৩ বছর আগে এই দিনে শান্তিকামী তৌহিদী জনতার ওপর তৎকালীন ফ্যাসিষ্ট সরকারের নির্দেশে যে অমানবিক ও নৃশংস অভিযান চালানো হয়েছিল, তা বিশ্ববিবেকের কাছে বাংলাদেশের ললাটে এক কলঙ্কতিলক এঁকে দিয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় সেন্সরশিপ ও একপেশে গণমাধ্যম সিন্ডিকেটের মাধ্যমে এই সত্যকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। তিনি অবিলম্বে একটি স্বাধীন ও শক্তিশালী তদন্ত কমিশন গঠনের মাধ্যমে গুম হওয়া লাশের সঠিক পরিসংখ্যান এবং প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার জোর দাবি জানান।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৭ জনের শাহাদাতের প্রাথমিক তথ্যসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। এই বিচারহীনতার অপসংস্কৃতি চিরতরে বন্ধ করতে হলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে তিনি গত ১৩ বছর ধরে অবর্ণনীয় কষ্ট ও নির্যাতনের শিকার হওয়া শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। মোস্তফা তারেকুল হাসান জোর দিয়ে বলেন, একটি সভ্য রাষ্ট্রে নিরস্ত্র মানুষের ওপর এমন গণহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিচার না হওয়া পর্যন্ত জাতির কলঙ্ক মোচন হবে না।
