মঙ্গলবার, মে ৫

কমলো সোনার দাম

|| নিজস্ব প্রতিবেদক ||

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে ভালো মানের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা থেকে কমে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায় দাঁড়িয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বিক্রি হবে। সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকাই থাকছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিক বেড়েছিল। তবে বর্তমানে সেই অস্থিরতা কিছুটা কমায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫৫০ ডলার থেকে উল্লেখযোগ্য হারে কমে ৪ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে। বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতার সঙ্গেই মিল রেখে দেশের বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিলো বাজুস। এর আগে গত ২৯ ও ৩০ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *