
|| আন্তর্জাতি ডেস্ক ||
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন ভরাডুবি হয়েছে। এই বিপর্যয়ের মাঝে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দলীয় প্রধান ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানিপুরে পরাজিত হয়েছেন। সোমবার (৪ মে) রাতে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের টানা ১৫ বছরের শাসনের অবসান নিশ্চিত হলো।
ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যে ১৬৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৫৯টি আসনে জয় পেতে সক্ষম হয়েছে। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচনে তৃণমূল এমন শোচনীয় পরাজয়ের সম্মুখীন হলো।
এদিকে, পশ্চিমবঙ্গে এই ভূমিধস বিজয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পশ্চিমবঙ্গের মানুষকে অভিবাদন জানিয়ে লিখেছেন, “এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। এখানে জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।” তিনি আরও আশ্বাস দেন যে, নবনির্বাচিত বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে এবং সমাজের সব স্তরের মানুষের মর্যাদা নিশ্চিতে সম্ভাব্য সবটুকু করবে।
ভবানিপুরে মমতার পরাজয় এবং রাজ্যের সামগ্রিক ফলাফলে বিজেপির এই বিশাল জয় ভারতের জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ দেড় দশক পর পশ্চিমবঙ্গের মসনদে বড় পরিবর্তনের এই ঢেউ এখন পুরো রাজ্যে গেরুয়া শিবিরের উৎসবের আমেজ বয়ে আনছে।
