
|| নিজস্ব প্রতিবেদক ||
টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে। এর ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং আজ সোমবারও সারাদেশে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ভালো মানের স্বর্ণের পাশাপাশি বেড়েছে অন্যান্য মানের স্বর্ণের দামও। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে অবশ্য গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল, যার মাধ্যমে চার দফায় মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমানো হয়েছিল। তবে একই দিন সন্ধ্যায় তা আবার বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায় এবং ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ১৯০ টাকায়। এছাড়াও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
