সোমবার, মে ৪

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে, সুষ্ঠু বিচারের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

|| নিজস্ব প্রতিবেদক ||

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ হস্তান্তর করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, যাতে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হয়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ একই সাথে তিনি জানান, নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও দ্রুত দেশে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আজ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে এসে লিমনের মামা জানান, তার মরদেহ জামালপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

এর আগে গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আট দিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়। লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।

এই জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবুঘেরহেকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। হিলসবরো কাউন্টি আদালতের নথি অনুযায়ী, লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে এবং অভিযুক্ত হিশামের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, আগামী বুধবার (৬ মে) বাদ জোহর যুক্তরাষ্ট্রে বৃষ্টির জানাজা শেষে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *