বৃহস্পতিবার, এপ্রিল ৩০

ইউক্রেন ও ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে দীর্ঘ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২৯ এপ্রিল) দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই দীর্ঘ আলোচনায় ইউক্রেনে যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

ফোনালাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন-কে জানান, ইউক্রেন ও ইরান—উভয় সংকটই খুব দ্রুত এবং প্রায় একই সময়ের মধ্যে সমাধানের পথে আসতে পারে। তিনি বলেন, “আমি মনে করি আমরা তুলনামূলক দ্রুত একটি ভালো সমাধানে পৌঁছাতে পারব।”

ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন।

আলোচনায় ইরানের ইউরেনিয়াম মজুদ ও সমৃদ্ধকরণ বিষয়ে রাশিয়ার সহায়তার প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, “পুতিন সাহায্য করতে চান। তবে আমি তাকে বলেছি, আমাকে সাহায্য করার আগে আপনার (ইউক্রেন) যুদ্ধটা শেষ করুন।” ট্রাম্প আরও উল্লেখ করেন যে, পুতিন পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে চলমান ইউক্রেন যুদ্ধের পাশাপাশি গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ নিহত হন এবং ব্যাপক প্রাণহানি ঘটে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে পাল্টা হামলা চালায়। বিশ্বজুড়ে অস্থিরতার এই আবহে দুই পরাশক্তি প্রধানের এই ফোনালাপকে ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *