
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন নারীসহ আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— জনৈক শামিমের মেয়ে সাদিয়া (৭), জাহেদুলের ছেলে নুর নবী (২৮) এবং মাইক্রোবাস চালক লিমন (৪২)। দুর্ঘটনায় মোট ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে নাগেশ্বরী দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে।
