মঙ্গলবার, এপ্রিল ২৮

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা মামলার দুই আসামি জামিনে মুক্ত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের প্রায় ১৪ ঘণ্টার মধ্যেই তারা কারাগারে না গিয়ে মুক্ত হন।

জানা গেছে, সোমবার রাত ১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিকেল ৩টার দিকে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাবুল গাজী (৫৬) এবং উত্তর হরিণটানা এলাকার মো. সবুজ (৪১)। তারা দু’জনই পেশায় দর্জি এবং নগরীর একটি টেইলার্স প্রতিষ্ঠানে কর্মরত।

মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, ঘটনার পরপরই প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে তাদের উপস্থিতি শনাক্তের পর অন্যান্য অভিযুক্তদের সঙ্গে তারাও আত্মগোপনে ছিলেন। পরে তথ্যদাতার সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি উল্লেখযোগ্য কোনো তথ্য দেননি। হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রোববার খুলনা প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণাকালে একদল দুর্বৃত্ত প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি প্রার্থী ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে অশালীন আচরণ ও গালিগালাজ শুরু করে। এ সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক তরিকুল ইসলাম বিষয়টি জানতে চাইলে তার ওপর হামলা চালানো হয়।
ঘটনাটি সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন মহল দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *