মঙ্গলবার, এপ্রিল ২৮

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ ও নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে বিচরণ না করার জন্য জেলেদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্যও আলাদা নির্দেশনা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকার নদী বন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের দেওয়া তথ্যমতে— ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এছাড়া যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনের ফলে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *