
|| স্পোর্টস ডেস্ক ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টি মিশনে নেমেছে বাংলাদেশ। আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে সফরকারী কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। সাগরিকার ব্যাটিং স্বর্গে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরাই স্বাগতিকদের মূল লক্ষ্য।
নিউজিল্যান্ড শিবিরে আজ বড় ধাক্কা হয়ে এসেছে নিয়মিত অধিনায়ক টম ল্যাথামের ইনজুরি। চোটের কারণে তিনি মাঠের বাইরে থাকায় কিউইদের নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। অন্যদিকে বাংলাদেশ দল ভারসাম্যপূর্ণ একটি একাদশ নিয়ে মাঠে নেমেছে। বোলিং আক্রমণে তিন পেসার ও দুই স্পিনারের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস ইউনিটে যোগ দিয়েছেন তরুণ রিপন মন্ডল। স্পিন বিভাগে অফ-স্পিনার মেহেদী হাসানের সঙ্গী হিসেবে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে দলের হাল ধরবেন সাইফ হাসান, অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। শেষ দিকে ঝড় তোলার দায়িত্ব থাকবে শামীম হোসেনের কাঁধে। ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স টি-টোয়েন্টিতেও ধরে রাখতে মরিয়া টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার ও বেন লিস্টার।
