সোমবার, এপ্রিল ২৭

হরমুজ প্রণালীতে অচলাবস্থা: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

|| আন্তর্জাতিক ডেস্ক ||

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও আকাশচুম্বী হয়ে উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০১.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯৬.১৯ ডলারে পৌঁছেছে। গত এক সপ্তাহে তেলের এই মূল্যবৃদ্ধি যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধির রেকর্ড গড়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হরমুজ প্রণালী এখনই খুলে দেওয়া হলেও তেলের বাজার স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে। তিনি সংকটের গভীরতা তুলে ধরে বলেন, বিপুল পরিমাণ জ্বালানি বাজারে পৌঁছাতে পারছে না এবং প্রণালীতে অসংখ্য জাহাজ আটকে আছে। এই বিশাল ঘাটতি স্বল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়।

এদিকে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ায় এশিয়াসহ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লেগেছে। সংকট সমাধানে পাকিস্তানসহ মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। এই প্রস্তাব অনুযায়ী, দ্রুত অবরোধ তুলে নেওয়া ও সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক করার শর্তে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো তেহরানের ওপর চাপ বজায় রাখার পক্ষেই অনড় অবস্থানে রয়েছেন।

হোয়াইট হাউস ইরানের এই প্রস্তাব হাতে পেলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আজ সোমবার জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। ট্রাম্পের মতে, নৌ অবরোধ বজায় রাখলে অভ্যন্তরীণ চাপের মুখে ইরান নমনীয় হতে বাধ্য হবে। তবে পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান যুদ্ধবিরতির স্থায়িত্ব ও তেলের বাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সরবরাহ সংকট ও ভূ-রাজনীতি পরিস্থিতির কারণে নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের দাম উঁচুতে থাকার সম্ভাবনাই দেখছেন বাজার বিশ্লেষকরা।

সূত্র: ফক্স নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *