বৃহস্পতিবার, এপ্রিল ২৩

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী ‘তারবিয়াত’ প্রোগ্রাম সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ ‘তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাদ এশা ঝিনাইদহ জেলার মিনহাজুন নবুওয়াত মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হয়ে বৃহস্পতিবার ফজর পর্যন্ত একটানা চলে।

জেলা আমীর আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক, আদর্শিক ও সমকালীন বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শুরুতে ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ ‘দরসে কুরআন’ পেশ করেন। এরপর ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠন, আনুগত্য ও শৃঙ্খলা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা। সমকালীন বিশ্ব পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। ইসলামী বিপ্লবের পথ ও পদ্ধতি বিষয়ে নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন এবং বাদ ফজর ‘দরসে হাদীস’ পেশ করেন মাওলানা মোস্তফা আল হোসাইনী।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জেলা শাখার নায়েবে আমীর খন্দকার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন সামদানীসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখা থেকে আসা বিপুল সংখ্যক নেতা-কর্মী অত্যন্ত মনোযোগের সাথে এই তারবিয়াতে অংশগ্রহণ করেন। রাতব্যাপী এই ইবাদত ও জ্ঞানভিত্তিক অধিবেশনে জিকির, বিশেষ নসিহত ও দোয়া-মোনাজাতের কর্মসূচিও অন্তর্ভুক্ত ছিল। আজ বৃহস্পতিবার ফজর নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে এই আধ্যাত্মিক ও সাংগঠনিক সভার সফল সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *