
|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শিক্ষা ও গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘কোইআরটিআরইই’-এর আমন্ত্রণে চার দিনব্যাপী আয়োজিত ‘কোরিয়া-বাংলাদেশ লাইব্রেরি ডিজিটাল ইনোভেশন কনফারেন্স’-এ তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।
সফরকালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষাক্ষেত্রে উন্নত গবেষণা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিভিন্ন সেমিনার ও মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এ সময় তিনি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশটির বেশ কয়েকটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং দুই দেশের মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা করেন।
সফরে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ)-এর আওতায় যৌথ উদ্যোগ গ্রহণ, আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর, বিবলিওগ্রাফি ও মেটাডেটা উন্নয়ন বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদী সহযোগিতা নিশ্চিত করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন ভাইস চ্যান্সেলর।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছিলেন। এই সফরের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক শিক্ষা অঙ্গনের শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
