Saturday, August 29

৩০ বছরের অপেক্ষা, শেষবারের মতো মেম্বার প্রার্থী ইউসুফ আলী

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

পরাজয় কখনো তাকে থামাতে পারেনি। দীর্ঘ ৩০ বছর ধরে মানুষের পাশে থেকে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন লালন করে আসছেন মোঃ ইউসুফ আলী। ছয়বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। এবার বয়স ৬০ পেরিয়েছে। তাই এটিকেই জীবনের শেষ নির্বাচন হিসেবে দেখছেন তিনি।

মোঃ ইউসুফ আলী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭ নম্বর তাড়াইল-সাচাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালনা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম মোঃ রেজন আলী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউসুফ আলী ইতোমধ্যে ছয়বার নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তবে নির্বাচনে পরাজিত হলেও মানুষের পাশে দাঁড়ানো থেকে কখনো পিছিয়ে যাননি। রাত গভীর হলেও কোনো অসহায় মানুষের বিপদের খবর পেলে ছুটে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।

ইউসুফ আলী বলেন, “বাবা, এটাই আমার শেষ নির্বাচন। জীবনের অনেকটা সময় মানুষের পাশে থেকে কাটিয়েছি। মৃত্যুর আগে নিজের ওয়ার্ডের মানুষের জন্য কিছু করে যেতে চাই। এবার যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তাদের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন। বারবার পরাজিত হলেও মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।

স্থানীয়দের অনেকে মনে করছেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে ইউসুফ আলীর একটি নিজস্ব গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবারের নির্বাচনে তার দীর্ঘদিনের স্বপ্ন কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *