
|| বিনোদন ডেস্ক ||
জনপ্রিয় মার্কিন ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া অভিনেতা আরজে মিটে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে মারা যান এই তারকা। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা জানিয়েছে তার প্রতিনিধিরা।
২০০৮ সালে শুরু হওয়া কালজয়ী ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এর পাঁচটি মৌসুমেই সফলভাবে অভিনয় করেন মিটে। বাস্তব জীবনেও সেরিব্রাল পালসিতে আক্রান্ত এই অভিনেতা নিজের শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে হলিউডে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিনোদনজগতে তাদের সুযোগ বাড়াতে তিনি সবসময় সোচ্চার ছিলেন। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও নিজের দাতব্য সংস্থা ‘মিটে ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও যুক্ত ছিলেন তিনি।
মৃত্যুর পূর্বে তিনি নতুন চলচ্চিত্র ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’-এর প্রচারণাসহ নানা কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘদিনের প্রেমিকা কেনেডি সুয়ারেজের সঙ্গে গত বছরই তার বাগদান সম্পন্ন হয়েছিল। তার আকস্মিক এই প্রয়াণে হলিউড অঙ্গন ও বিশ্বজুড়ে তার অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
