
অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া
তালাবায়ে আরাবিয়ার জেলা অফিস প্রতিষ্ঠা:
তালাবার নিজস্ব কোনো অফিস ছিল না। ফেনী আলিয়া মাদ্রাসার হোস্টেল থেকে তালাবার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হতো। বিশেষ করে যিনি আজ আমাদের মধ্যে নেই তার সহযোগিতার কথা সবসময় মনে পড়ে। তিনি হলেন আইডিএল-এর ফেনী জেলা শাখার সেক্রেটারি মরহুম জনাব ফজলুর রহমান সাহেব।
তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ। তাকে আমরা দেখেছি আইডিএল-এর সাপ্তাহিক জাহানে নাও পত্রিকা নিজ টাকা দিয়ে সংগ্রহ করে সেটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে। তিনি আমাদেরকে সবসময় বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করতেন। তিনি তার একটি দোকানের একাংশে আমাদেরকে অফিস হিসেবে কাজ করার সুযোগ দিয়েছিলেন। পরবর্তী সময় আমাদের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তিনি ফেনী কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন তার নিজস্ব জায়গায় আমাদেরকে একটি অফিস করিয়ে দেন। আমরা সেটি তালাবার জেলা অফিস হিসাবে কার্যক্রম পরিচালনা করতাম। আমাদের নিজস্ব উদ্যোগে অফিসটি পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন আমরা সেভাবে সেট করেছিলাম। এতে আর্থিক কোনো বাধা হয়নি।
ফেনী আলিয়া মাদ্রাসা অত্র মহকুমার দাখিল, আলিম, ফাজিল, কামিল পরীক্ষার সেন্টার ছিল। পরীক্ষার সময়কাল ছিল তালাবার দাওয়াতি কাজ করার একটি মৌসুম। কারণ সব মাদ্রাসার পরীক্ষার্থীরা এখানে সমবেত হতো। আমরা তাদেরকে থাকা খাওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করতাম। তালাবার জেলা অফিসেও তাদেরকে থাকার ব্যবস্থা করা হতো।
সব পরীক্ষার্থীর নিকট একটি কৌশলের মাধ্যমে তালাবার দাওয়াত পৌঁছে দেওয়া হতো। তা ছিল পরীক্ষার রুটিন এক পৃষ্ঠায়, অন্য পৃষ্ঠায় তালাবার ১৭ দফা প্রিন্ট করে সব পরীক্ষার্থীদের হাতে হাতে দেওয়া হতো। তারা এটি আগ্রহের সাথে গ্রহণ করতো এবং সংরক্ষণ করতো। (চলবে ইনশাল্লাহ)
লেখক: কেন্দ্রীয় আমীর, ইসলামী ঐক্য আন্দোলন।
