
|| আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে ওয়াশিংটন এমন জবাব পাবে, যা তারা কখনো ভুলতে পারবে না।
শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র যেভাবে লঙ্ঘন করেছে, তা প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ উল্লেখ করে তিনি বলেন, জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ।
বিবৃতিতে মার্কিন হামলার প্রসঙ্গ টেনে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সংঘাত আরও উসকে দিতে চাইছে। তবে ইরানও এর মোক্ষম জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো ওয়াশিংটনের প্রতারণাপূর্ণ চরিত্র, অবিশ্বস্ততা এবং কু-অভিপ্রায়কে স্পষ্ট করে তাদের আসল চেহারা উন্মোচন করেছে বলে তিনি দাবি করেন।
উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মোজতবা খামেনি। একই সঙ্গে চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে দেশের সর্বস্তরের মানুষকে সতর্ক ও সক্রিয় থাকার অনুরোধ জানান তিনি।
