
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (সোহাগপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়) প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ২০২৬। গতকাল শনিবার (২০ জুন) “সোহাগপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে এই আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন পূর্বালী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাই সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, অত্র বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন পর পুরনো বন্ধু, সহপাঠী ও অগ্রজ-অনুজদের কাছে পেয়ে অনুষ্ঠানস্থল এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। উৎসবের শুরুতে একটি বর্ণাঢ্য ‘আনন্দ র্যালি’ বিদ্যালয় প্রাঙ্গণ ও চারপাশ প্রদক্ষিণ করে। একই সাথে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা সাদা টি-শার্ট ও ক্যাপ পরিধান করে দলগত ছবি ও স্মৃতিচারণে মেতে ওঠেন।
ঈদের আনন্দ ভাগাভাগি, শৈশবের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ আর পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে উপস্থিত সবাই একাত্ম হন। মূল আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের পুনর্মিলনী শুধু স্মৃতির রোমন্থনই নয়, বরং বিদ্যালয়ের উন্নয়ন এবং বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটি বড় প্ল্যাটফর্ম। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
