Thursday, August 20

সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি: কারখানা সিলগালা ও অর্থদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষের ছানার কারখানায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপাল ঘোষ গত ৭-৮ বছর ধরে দরগ্রাম ও আশপাশের হাট-বাজার থেকে দুধ কিনে নিজ বাড়ির কারখানায় ছানা তৈরি করে ঢাকার বিভিন্ন নামিদামি মিষ্টির দোকানে সরবরাহ করে আসছিলেন। অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে গিয়ে দেখা যায় নোংরা ও দূষিত পানিতে দুধ প্রক্রিয়াজাত করে ছানা তৈরি করা হচ্ছে। ছানা ঠান্ডা করার পানি ছিল অত্যন্ত নোংরা এবং পাশেই ছিল টয়লেট ও গোয়ালঘর। এ ছাড়া কারখানায় নকল ঘি তৈরি করে ঢাকার অভিজাত এলাকায় সরবরাহের বিষয়টিও তিনি স্বীকার করেন। অপরাধ স্বীকার করায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ছানা বিনষ্ট, কারখানা সিলগালা এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আসাদুজ্জামান রুমেল আরও জানান, কারখানার পরিবেশ সম্পূর্ণ সংস্কার ও পরিবর্তন না করা পর্যন্ত এটি বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালেও সংবাদ প্রকাশের পর গোপাল ঘোষকে সতর্ক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তা সত্ত্বেও তিনি পুনরায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *