
|| নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং সরকার ও সেনাবাহিনী সবসময় তাঁদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
গতকাল ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি শহীদ পরিবারের দেখভালেও সরকার দায়িত্ব পালন করবে।”
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শহীদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করা হবে। একই সঙ্গে তাঁদের স্ত্রীদের চাকরি এবং সন্তানদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন। সাক্ষাৎকালে আবু বকর সিদ্দিকের স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আবদুল ওহাব, মা পারভীন আক্তার এবং মো. তাসনিম রিফায়াতের স্ত্রী ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা ও বাবা মো. আসাদুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
