শুক্রবার, এপ্রিল ১৭

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে বড় ধরনের স্বস্তি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিদ্যমান নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী ৬০ দিনের জন্য বাংলাদেশকে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে তাদের এই সিদ্ধান্তের কথা জানায়।

উল্লেখ্য, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে প্রথম দফায় ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়। মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ওই অঞ্চল থেকে জ্বালানি তেল আমদানিতে চরম অনিশ্চয়তা তৈরি হলে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার ওপর নির্ভর করার উদ্যোগ নেয় সরকার। তবে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় আমদানি প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়, যার প্রেক্ষিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি ও সহায়তা চেয়ে চিঠি পাঠায়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করে ঢাকা। গত ৩১ মার্চ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। এছাড়া গত ১৫ এপ্রিল ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তেল সহায়তার বিষয়ে আলোচনা করেন। দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র এই বিশেষ ছাড় দেওয়ায় বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা এখন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *