
|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||
নরসিংদীর রায়পুরায় সার ব্যবস্থাপনা ও বিক্রয় কার্যক্রম মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের ২১০ কেজি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লোচনপুরা ও জঙ্গি শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ আলম, হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান জানান, কৃষিতে সারের গুরুত্ব অপরিসীম এবং সরকার এতে বিপুল ভর্তুকি দেয়। সারের কৃত্রিম সংকট রোধ এবং বাজারে অনিয়ম বন্ধে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা এবং সারের সংকট রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আজ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অসঙ্গতি পাওয়ায় এক ডিলার ও দুই দোকানিকে সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত সার স্পট নিলামে স্থানীয়দের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।”
