Thursday, September 24

বকশীগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে কীটনাশক সেবন, প্রাণ গেল কিশোরের

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুরের বকশীগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে সুমন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় দুই দফায় হাসপাতাল পরিবর্তনের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সুমন মিয়া বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মণ্ডলপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুমন গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক খেয়ে ফেলেন। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠান। পরে শেরপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *