
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বা নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. নাছিমা রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
পবিত্র কুরআন তেলাওয়াত এবং রজনীগন্ধা ফুল দিয়ে নবাগত ১৫০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে অভ্যর্থনা জানালে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মোফাক খাইরুল ইসলাম বাদল এবং সঞ্চালনা করেন অধ্যাপক কবীর।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, “শিক্ষার্থীদের উদ্দেশ্য ও লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। কঠোর পরিশ্রম ও আধুনিক প্রযুক্তিভিত্তিক জ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব। এআই ও প্রযুক্তির যুগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি, নৈতিকতা ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা রব্বানী নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “শুধু ডিগ্রি অর্জন নয়, চরিত্র গঠন ও মনুষ্যত্ব জাগ্রত করাই শিক্ষার আসল উদ্দেশ্য। লক্ষ্য স্থির রেখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের অবক্ষয় দূর করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতের আমীর নুর আলম মুকুল, উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, অধ্যাপক বাদলসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শেষভাগে নতুন শিক্ষার্থীদের কলেজের ইতিহাস, ঐতিহ্য, সিলেবাস ও একাডেমিক নিয়মনীতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
