Saturday, July 18

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ

|| আন্তর্জাতিক ডেস্ক ||

মালয়েশিয়ায় অনুষ্ঠিত শিল্প ও প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী ‘৩৭তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ারে’ বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সহযোগিতায় এই অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

গত ১৬ জুলাই মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটির ডেপুটি মিনিস্টার অব ওয়ার্কস দাতুক সেরি আহমদ মাসলান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেপুটি মিনিস্টার ও আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশি বুথগুলো পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও বিপিজিএমইএ-এর সভাপতি শামীম আহমেদসহ ব্যবসায়ী প্রতিনিধিদল অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের অগ্রগতি ও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন সক্ষমতা তুলে ধরেন। আজ শনিবার (১৮ জুলাই) মেলাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান মোট ৬৫০টি বুথে অংশ নেয়। প্রদর্শনীতে মূলত উৎপাদন, প্যাকেজিং, প্লাস্টিক, মুদ্রণ ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতের অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলায় অংশগ্রহণের পাশাপাশি বিপিজিএমইএ-এর সভাপতির নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল ‘প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ম্যাচিং’ ফোরামে অংশ নিয়ে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপন করেছে। এর মাধ্যমে মালয়েশিয়াসহ এ অঞ্চলের বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তঃসীমান্ত শিল্প সহযোগিতা সম্প্রসারণের বড় সুযোগ তৈরি হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দেশের উৎপাদন সক্ষমতা, রপ্তানি সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ বিশ্বব্যাপী তুলে ধরতেই এমন আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *