Monday, July 20

মানিকগঞ্জে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করলেন বিমানমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও প্যারালাইসিসে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় সরকার সর্বদা আন্তরিক। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে মানিকগঞ্জ জেলায় মোট ৮৪৮ জন অসহায় ও দুরারোগ্য রোগীকে এ ধরনের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *