Sunday, August 23

ভূরুঙ্গামারীতে সারের গোডাউনে হামলা, ৩৪০ বস্তা ইউরিয়া লুটের অভিযোগ

​|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউরিয়া সার বিতরণকে কেন্দ্র করে বিসিআইসি ডিলারের গোডাউনে হামলা, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। সার বিতরণ কার্যক্রম শুরুর আগেই উত্তেজিত কৃষকদের একটি দল গোডাউনে ভাঙচুর চালিয়ে প্রায় ৩৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ডিলার।

‎রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ধলডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, ধলডাঙ্গা বাজারের বিসিআইসি ডিলার মেসার্স শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তাইফুর রহমান ওরফে মুকুল হাজীর মাধ্যমে ওই দিন ১৭ মেট্রিক টন, অর্থাৎ ৩৪০ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে বিতরণের প্রস্তুতি চলছিল।

‎বিতরণ কার্যক্রম শুরুর আগেই বরাদ্দের তুলনায় বেশি সংখ্যক কৃষক ডিলারের গোডাউনের সামনে জড়ো হন। এ সময় সার স্বল্পতা এবং ভবিষ্যতে সার পাওয়া যাবে না—এমন আশঙ্কা থেকে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
‎অভিযোগ রয়েছে, উত্তর তিলাই গ্রামের মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল ডিলারের গোডাউনে হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে গোডাউনে থাকা ৩৪০ বস্তা ইউরিয়া সারের মধ্যে আনুমানিক ১৩৭ বস্তা সার লুট করে নিয়ে যাওয়া হয়।

‎ঘটনার সময় সার বিতরণ কার্যক্রম শুরুই হয়নি বলে ডিলার পক্ষের দাবি। ফলে কৃষকদের মধ্যে চাহিদা ও সরবরাহ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

‎ডিলার মেসার্স শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তাইফুর রহমান ওরফে মুকুল হাজীর বক্তব্য, বরাদ্দ অনুযায়ী কৃষকদের মধ্যে সার বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু বিতরণ শুরুর আগেই বিপুলসংখ্যক লোকজন গোডাউনের সামনে জড়ো হয়ে ভাঙচুর ও সার লুট করে নিয়ে যায়।

‎এ বিষয়ে অভিযুক্ত মো. আব্দুল লতিফের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
‎ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সার বিতরণ ব্যবস্থাপনা, বরাদ্দ ও প্রকৃত কৃষকের কাছে সার পৌঁছানোসহ পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎এদিকে, গোডাউন ভাঙচুর ও সার লুটের অভিযোগের বিষয়ে থানায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *