
|| জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ঈশ্বর বড়ুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলে ভুরুঙ্গামারী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন লিটন। পথে ঈশ্বর বড়ুয়া এলাকায় একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষে তার মাথা ফেটে গিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিমা তাসনীম জানান, আহত অবস্থায় আনার সময় তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
