Tuesday, November 17

ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ঠেকাতে খুলনায় কেএমপির কঠোর বার্তা, জারি তিন নির্দেশনা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা মহানগরীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণা, মিথ্যা তথ্য প্রচার এবং বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তিন দফা নির্দেশনা জারি করেছে পুলিশ প্রশাসন।

কেএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর সার্বিক নিরাপত্তা, জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নির্দেশনায় প্রথমেই ভুয়া পরিচয়পত্র ও স্টিকার ব্যবহার করে চাঁদাবাজি বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাংবাদিক কিংবা অন্য কোনো পেশার পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি, চাঁদা আদায় কিংবা চাপ প্রয়োগ করা যাবে না।

দ্বিতীয় নির্দেশনায় মিথ্যা তথ্য ও অপপ্রচার প্রতিরোধের কথা বলা হয়েছে। জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে কিংবা রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন অসত্য, ভিত্তিহীন ও উসকানিমূলক সংবাদ, ছবি, ভিডিও বা বক্তব্য প্রচার ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

তৃতীয় নির্দেশনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব চত্বরসহ বিভিন্ন জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে দলবদ্ধভাবে অবস্থান করে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা বিশৃঙ্খলা ছড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কেএমপি জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ৫৯ ও ৬০ ধারাসহ প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি, প্রতারণা এবং সাইবার অপরাধের ক্ষেত্রেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ভুয়া সাংবাদিক পরিচয়ধারী, চাঁদাবাজ কিংবা অপপ্রচারকারীদের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে নগরবাসীকে নিকটস্থ থানায় অথবা কেএমপির কন্ট্রোল রুমে ০১৩২০-০৬০৯৯৮ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করা যাবে।

কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশনা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *