Tuesday, November 17

সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রয়েছে: তথ্য উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার সর্বোচ্চ পর্যায়ে নজরদারি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ রয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে তিনি রাজি হননি।

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অনেক মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন, যা কোনো সমস্যা নয় এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। তবে কর্মরত অবস্থায় কেউ যুক্ত থাকলে সেটি গুরুতর বিষয় এবং সরকার তা অবশ্যই বিবেচনায় রাখবে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নামে যেকোনো কর্মসূচিই বেআইনি। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ছবি ও ভিডিও ফুটেজে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। এ লক্ষ্যে গতকাল থেকেই সেখানে যৌথবাহিনী কাজ করছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উপদেষ্টা বলেন, পুলিশের বলপ্রয়োগের অধিকার থাকলেও তা যেন পরিস্থিতির তুলনায় অতিরিক্ত না হয়, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *