
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিকে ৩৩ মাস (২ বছর ৯ মাস) ভারতে কারাভোগের পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেষ বিকেলে দুই দেশের সীমান্ত পর্যায়ে সংক্ষিপ্ত পতাকা বৈঠক শেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করে।
পরে সোনাহাট বিজিবি ক্যাম্প সদস্যরা তাঁদের পরিচয় নিশ্চিত ও পরিবারের জিম্মায় প্রদানের জন্য ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করেন। ফেরত আসা তিন বাংলাদেশি হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের পর সেদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তাঁরা। পরবর্তীতে ৩৩ মাস ভারতীয় কারাগারে সাজা ভোগ শেষে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফেরত আসাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের স্বজনদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হবে।
