সোমবার, এপ্রিল ২৭

বেলকুচিতে অবৈধ শিশু খাদ্য কারখানায় অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স বিহীন নকল চিপস, আচারসহ নানাবিধ খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে একটি কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

অভিযান চলাকালে দেখা যায়, গোপালপুর নামক স্থানের ওই কারখানায় কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের মুখরোচক বিভিন্ন চিপস, আচার ও নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছে। আইন বহির্ভূতভাবে এই কার্যক্রম পরিচালনার দায়ে কারখানার মালিককে নগদ এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে স্থানীয় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান জানান, জনস্বার্থ রক্ষায় এবং ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এসব অবৈধ কারখানার বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *