
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ)||
নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিধবা নারীকে (চাচী) ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর আপন ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বদলগাছী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের মো. সিদ্দিক মন্ডলের ছেলে মো. নুর আলম (৫২) গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটান। ভুক্তভোগী নারী মাঠের কাজ শেষে ফাঁকা বাড়িতে ফিরে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নির্জনতার সুযোগ নিয়ে নুর আলম সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন।
বাড়িতে ঢুকে নুর আলম ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেন। এতে তিনি রাজি না হলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীর আত্মচিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত নুর আলম দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে প্রতিবেশীরা আহত নারীকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নুর আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
