
|| নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর বদলগাছী উপজেলায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘ ১৭ বছর ধরে দখলের অভিযোগ এনে এবং তা পুনরুদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল ওহাব চৌধুরী সাগর।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, উপজেলার আধাইপুর ইউনিয়নের কয়েকটি মৌজায় দাদির ওয়ারিশান সূত্রে তিনি প্রকৃত জমির মালিক। কিন্তু একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে আব্দুল মান্নান সরদার ও তার ভাইয়েরা দীর্ঘ ১৭ বছর ধরে প্রভাব খাটিয়ে এসব জমি জোরপূর্বক ভোগদখল করে আসছেন।
তিনি জানান, বিষ্ণুপুর মৌজায় ইটভাটা সংলগ্ন চার বিঘা পাঁচ কাঠা জমি ভাটায় ভাড়া দেওয়া হলেও প্রভাবশালী চক্রটি জাল দলিল দেখিয়ে ভাটার ভাড়া নিজেরা তুলে নিচ্ছে। এমনকি বর্তমান ভাটা মালিককে যেন কোনো ভাড়া তাকে না দেওয়া হয়, সে বিষয়েও হুমকি ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভুক্তভোগী সাগর চৌধুরী আরও জানান, জমি উদ্ধারের দাবিতে গত ১৩ জানুয়ারি ও ১৩ জুলাই বদলগাছী থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করা হয়। তবে পুলিশ অভিযুক্তদের একাধিকবার থানায় তলব করলেও তারা উপস্থিত হননি। ফলে প্রশাসনিকভাবেও এখন পর্যন্ত কোনো সমাধান মিলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই সরজমিনে ওকরবাড়ী মৌজায় গেলে স্থানীয় বাসিন্দারা এবং একাধিক জমি ক্রেতা জানান, সরকারি আমিন ডেকে জমি মেপে দেওয়ার পরও প্রতিপক্ষ তা মেনে না নিয়ে তালবাহানা চালিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় পৈত্রিক ও ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তি ফেরত পেতে এবং প্রভাবশালী চক্রের দখলদারিত্ব বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর আকুতোভয় হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
