Thursday, October 29

বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন।

এ সময় উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান লাবলু ও পৌর যুবদলের সদস্যসচিব তানজির আহম্মেদ সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *