Thursday, October 29

খুলনায় ২৩ ঘণ্টায় চার হামলা, গুলিবিদ্ধ তিন ও ছুরিকাহত এক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় প্রায় ২৩ ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় তিনজন গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রদল ও যুবদলের দুই নেতা রয়েছেন। বাকি দুটি ঘটনা ছিনতাইকে কেন্দ্র করে ঘটেছে বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা মহানগরী ও জেলার বটিয়াঘাটা উপজেলায় এসব ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার এলাকায় বটিয়াঘাটা ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ওহিদুল ইসলাম বাদল (৪৫) গুলিবিদ্ধ হন। জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি বাদলের বুক ও কোমরে লাগলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে সোমবার মধ্যরাতে বটিয়াঘাটা উপজেলায় ছাত্রদলের এক নেতার ওপর গুলির ঘটনা ঘটে। এ ছাড়া সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে খুলনা মহানগরীতে ছিনতাইকে কেন্দ্র করে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে এক ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক রংমিস্ত্রি আহত হন এবং অন্য ঘটনায় এক বেসরকারি চাকরিজীবী গুলিবিদ্ধ হন।

পরপর ঘটে যাওয়া এসব সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *