বৃহস্পতিবার, জুন ১১

ফুটবল বিশ্বকাপের উদ্বোধন আজ

|| স্পোর্টস ডেস্ক ||

বিশ্বজুড়ে গণমানুষের খেলা হিসেবে পরিচিত ফুটবলের মহোৎসব ‘ফিফা বিশ্বকাপ’ আজ থেকে মাঠে গড়াচ্ছে। মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ২০১০ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা। এর পরের দিন সকালে এশিয়ান পাওয়ার দক্ষিণ কোরিয়া লড়বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

এবারই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান তিন ভিন্ন পর্বে দুই দিন ধরে অনুষ্ঠিত হবে, যা প্রতিটি ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে। আজ রাতে মেক্সিকোতে প্রথম পর্বের পর পর্যায়ক্রমে কানাডা ও লসঅ্যাঞ্জেলেসে বাকি আয়োজনগুলো অনুষ্ঠিত হবে।

২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর, এবার ৩৮ বছর বয়সী লিওনেল মেসির সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে বিতর্কের অবসান ঘটানোর সুযোগ। অন্যদিকে ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে প্রথম শিরোপা এনে দিতে পারেন কি না, কিংবা হ্যারি কেনের নেতৃত্বে ইংল্যান্ড ৬০ বছরের খরা কাটাতে পারে কি না—তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একে ‘সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী’ হিসেবে অভিহিত করলেও, এবারের আসরকে ঘিরে ধরেছে নানা বিতর্ক ও আন্তর্জাতিক রাজনীতি।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে টিকিটের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে। ২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ টিকিটের মূল্য যেখানে ছিল ১,৬০০ ডলার, সেখানে এবার ১০৪টি ম্যাচের এই আসরে সর্বোচ্চ টিকিটের মূল্য ঠেকেছে ৩২,৯৭০ ডলারে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই মূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন, তিনি নিজেও এত টাকা দিয়ে টিকিট কিনতেন না। টিকিটের এই আকাশচুম্বী দাম বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

এর পাশাপাশি ফুটবলে হানা দিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক সংঘাতও। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার কারণে ইরান তাদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা থাকলেও, দলটির ১৫ জন প্রশাসনিক কর্মীকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ইরান একে ‘ইচ্ছাকৃত ও বৈষম্যমূলক’ আচরণ বলে নিন্দা জানিয়েছে।

এদিকে, এবারের আসরে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করায় গ্রুপ পর্বের উত্তেজনা কিছুটা কমতে পারে বলে ভাবছেন বিশ্লেষকরা। প্রথম রাউন্ডের ৭২টি ম্যাচের মধ্যে বাদ পড়বে মাত্র ১২টি দল, আর ৩২টি দল চলে যাবে নকআউট পর্বে। এত সব বিতর্কের মাঝেই উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।

তীব্র যানজট ও জনসমাগম এড়াতে মেক্সিকো সিটির সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে নানা শঙ্কা, বিতর্ক আর তুমুল উত্তেজনার মধ্য দিয়েই আজ থেকে শুরু হচ্ছে বিশ্বজয়ের এক নতুন ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *