Tuesday, August 4

ফিফার তদন্তের মাঝেই বিতর্কিত বার্তা নিয়ে মাঠে আর্জেন্টাইন ক্লাব

|| স্পোর্টস ডেস্ক ||

ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের ঐতিহাসিক রাজনৈতিক বিরোধ এবার খেলার মাঠে গড়িয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার তদন্ত চলাকালেই বিতর্কিত রাজনৈতিক বার্তাসংবলিত বিশেষ জার্সি পরে মাঠে নেমেছে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব আলমিরান্তে ব্রাউন।

রবিবার রেসিং দে কর্দোবার বিপক্ষে ম্যাচে আলমিরান্তে ব্রাউন এমন এক বিশেষ জার্সি পরে খেলে, যেখানে ফকল্যান্ড দ্বীপের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করা হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বীপটিকে শ্রদ্ধা জানাতেই তৈরি করা হয়েছে এই জার্সি, যার সামনের অংশে লেখা রয়েছে— ‘মালভিনাস আর্জেন্টিনার’ (উল্লেখ্য, আর্জেন্টিনায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ‘ইসলাস মালভিনাস’ নামে পরিচিত)।

ম্যাচের আগে ক্লাবটি সামাজিক মাধ্যম এক্স-এ তাদের একাদশের ছবি দিয়ে ক্যাপশন দেয়, ‘এরা আর্জেন্টিনার!’

এই জার্সির লেখার ফন্ট ও ধরণটি হুবহু সেই ব্যানারের মতো, যা ইতিপূর্বে আর্জেন্টিনা জাতীয় দল ইংল্যান্ডকে হারানোর পর প্রদর্শন করেছিল।

ক্রীড়াকে অ-ক্রীড়াসংক্রান্ত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে থাকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। সম্প্রতি ফিফা বিশ্বকাপ চলাকালে আন্তর্জাতিক ম্যাচের রাজনৈতিক ব্যানার প্রদর্শনের দরুন ফিফার নিয়মানুযায়ী তদন্তের মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। এর আগেও ২০১৪ সালে প্রীতি ম্যাচে একই ধরনের রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের জন্য এএফএ-কে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।

বিশ্বকাপ তদন্তের সেই রেশ কাটতে না কাটতেই ক্লাব ফুটবলে আলমিরান্তে ব্রাউনের এই নতুন পদক্ষেপ ফুটবল ও রাজনীতি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *