বৃহস্পতিবার, জুন ১১

পানি চলাচলের পথ বন্ধ করে ফসলি জমিতে পুকুর খনন, ইটভাটায় মাটি বিক্রি

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||

নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে বিলের পানি চলাচলের রাস্তা বন্ধ করে পুকুর খননের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ইউপি সদস্য সিরাজুল ইসলাম পঁচা প্রায় ১০ বিঘা জমিতে পুকুর খনন করে সেই মাটি ইটভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ স্থানীয়দের মাঝে।

স্থানীয়দের দাবি, পুকুর খননের সময় বিলের স্বাভাবিক পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আশপাশের কৃষিজমিতে পানি জমে থাকছে এবং ধান চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে করে পুরো এলাকার কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত ৫ তারিখের পর থেকেই পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করে। তারা অভিযোগ করেন, নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে এবং ইউপি সদস্য হওয়ার ক্ষমতা দেখিয়ে সিরাজুল ইসলাম পঁচা জোরপূর্বক মাঠের পানি চলাচলের পথ বন্ধ করে পুকুর খনন করছেন। একই সঙ্গে সেই মাটি ইটভাটায় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

তাদের ভাষ্য, এ ধরনের কার্যক্রম শুধু কৃষির জন্য ক্ষতিকর নয়, বরং পরিবেশের জন্যও বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। দ্রুত এই কাজ বন্ধ করে পানি চলাচলের স্বাভাবিক পথ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সিরাজুল ইসলাম পঁচা অভিযোগ অস্বীকার না করে বরং নিজের অবস্থানকে বৈধ বলে দাবি করেছেন। তিনি বলেন, তিনি বালুভরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং নিজের জমিতে পুকুর খননের জন্য কারও অনুমতি প্রয়োজন নেই। পুকুর খনন থেকে উত্তোলিত মাটি কোথায় ব্যবহার করবেন সেটিও তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি দেখছেন না কেন।

এদিকে, বিষয়টি নিয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি তার নজরে এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পানি চলাচলের পথ উন্মুক্ত করা এবং কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *