
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে পানছড়ি মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
