Monday, July 20

চার সাংবাদিকের ওপর হামলা: কেএমপিতে এমইউজের স্মারকলিপি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

নগরীতে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।

রবিবার (১৯ জুলাই) বিকেলে কেএমপি সদর দপ্তরে সংগঠনের নেতারা কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় কেএমপি কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্মারকলিপি প্রদানকালে অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনেওয়াজ এবং সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত ম রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা মহানগরে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগ গ্রহণ।

এমইউজে নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেন, গত ১৪ জুলাই রাতে পেশাগত দায়িত্ব শেষে খুলনা সদর থানার শান্তিধাম মোড় এলাকায় একটি চায়ের দোকানে কয়েকজন সাংবাদিক অবস্থানকালে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতির বসার টুলে গুলি লাগে এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখের বুকের ডান পাশে গুলি ছুঁয়ে গেলে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো হামলাকারীরা গ্রেফতার হয়নি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে খুলনায় অতীতে সংঘটিত একাধিক সাংবাদিক হত্যা ও হামলার ঘটনাও তুলে ধরা হয়। নেতারা বলেন, পূর্ববর্তী ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হয়েছে এবং সাংবাদিকদের ওপর নতুন করে হামলার সাহস পাচ্ছে। তাই অতীতের বিচারহীনতার অবসান ঘটিয়ে সব সাংবাদিক হত্যা ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর এই হামলা শুধু ব্যক্তি নয়, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। সাংবাদিকরা যদি নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে বাধ্য হন, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, সহ-সভাপতি মো. নূরুজ্জামানসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *