Thursday, August 13

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

|| আন্তর্জাতিক ডেস্ক ||

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্ভরযোগ্য সহযোগী ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ছোট দুই সন্তান ও পরিবারকে আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে চলতি আগস্ট মাসের শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তাঁর এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন ও সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা ২৮ বছর বয়সী লেভিট হোয়াইট হাউস ছাড়লেও প্রশাসনিক কাঠামোর বাইরে থেকে ট্রাম্পের শীর্ষ বাহ্যিক উপদেষ্টা এবং রিপাবলিকান পার্টির প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প জানান, লেভিটের পারিবারিক সিদ্ধান্তটি তিনি পূর্ণ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন।

অন্যদিকে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে লেভিট উল্লেখ করেন, বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং এই দায়িত্ব পালন করা এবং একই সাথে দুই ছোট সন্তানের সেরা মা হওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল। চলতি বছরের মে মাসে কন্যা সন্তানের মা হওয়া লেভিট প্রায় সাত সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি কাজে যোগ দিয়েছিলেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারিয়ার শুরু করা লেভিট পরবর্তীতে তাঁর ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। লেভিটের বিদায়ের পর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পরবর্তী প্রধান মুখপাত্র কে হচ্ছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *