
|| স্পোর্টস ডেস্ক ||
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে চরম বিপদে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ঘাসের উইকেটে টাইগার পেস আক্রমণের মুখে সুবিধা করতে না পেরে মাত্র ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়েছে অজিরা।
খেলার শুরুতে নতুন বলে দুর্দান্ত সূচনা করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসানের দারুণ সুইং ও বাউন্সে শুরু থেকেই কোনঠাসা ছিল অস্ট্রেলিয়া। ১২তম ওভারে জেক ওয়েদারাল্ডকে (২৩) ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান। দুই ওভার পর অন্য ওপেনার ট্রাভিস হেডকেও (২২) বোল্ড করেন তিনি। এরপর মার্নাস লাবুশেনকে (১) ফেরান এবাদত হোসেন এবং শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ক্যামেরন গ্রিনকে (১৩) বিদায় করেন তাসকিন। ফলে ৪ উইকেটে ৭৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
বিরতির পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি ৫৫ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করলেও এবাদত হোসেনের বলে ১৯ রান করা ক্যারি বোল্ড হলে ভাঙে এই জুটি। এরপর তাসকিন আহমেদের বলে বো ওয়েবস্টার (১২) বোল্ড হওয়ার পর হাসান মাহমুদ জোড়া আঘাত হেনে বিদায় করেন মিচেল স্টার্কসহ বাকি ব্যাটারদের। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
