
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তাড়াইল হাসপাতাল কমপ্লেক্স প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার ও ফেস্টুনসহ বিভিন্ন সাজ-সজ্জায় সজ্জিত হয়ে এই শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বর্ষবরণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ১২টি স্টল নিয়ে বৈশাখী মেলা বসে এবং উপজেলা পরিষদ বিদ্যানিকেতনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে অতিথিদের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও হরেক রকমের ভর্তা পরিবেশন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখা ও উদীচী শিল্পী গোষ্ঠী অত্যন্ত সুশৃঙ্খলভাবে নৃত্য, গান ও কবিতা পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার সভাপতি ছাদেকুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আমজাদ শরীফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারাজানা আক্তার, দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া এবং সদস্য শহিদুল ইসলাম ও শিখা রানীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান তাড়াইলবাসীর মধ্যে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।
