মঙ্গলবার, এপ্রিল ১৪

বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে নববর্ষ বরণ

|| নওগাঁ প্রতিনিধি ||

নানা আয়োজনে নওগাঁর বদলগাছীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলার সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টায় বদলগাছী থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

শোভাযাত্রায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ, লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়, মাইলস্টোন হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ ছাড়া আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে শোভাযাত্রায় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এদিকে সকাল সাড়ে ৯টায় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে আরেকটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে পান্তা-ইলিশ উৎসব, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে পরিষদ মিলনায়তনের পাশের মাঠে বসে গ্রামীণ হস্তশিল্প মেলা। মেলায় মৃৎশিল্প, বাঁশের তৈরি আসবাবপত্র, কামারদের তৈরি বিভিন্ন সামগ্রী ও স্থানীয়ভাবে প্রস্তুত পণ্য প্রদর্শিত হয়।

এছাড়া দিনব্যাপী আয়োজনে নারীদের বালিশ খেলা, লাঠিখেলা এবং সার্কাস প্রদর্শনী দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। উৎসবমুখর পরিবেশে এসব আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বদলগাছীর পহেলা বৈশাখ উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *