শনিবার, জুন ৬

নাগেশ্বরী-ভূরুঙ্গামারী থেকে রংপুর সরাসরি মেইল বাস চালুর দাবিতে মানববন্ধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা থেকে রংপুরে সরাসরি মেইল বাস চলাচলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১০টায় নাগেশ্বরী বাসস্ট্যান্ডে ‘উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নাগেশ্বরীর সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, মিজানুর রহমান, উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এম এ রশিদ আলী, জাকারিয়া ইসলাম ও কহিনুর বেগম প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী অঞ্চলের মানুষ আজ অবহেলিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতি তাদের খেয়াল-খুশিমতো বাস চালু ও বন্ধ করে এই অঞ্চলের মানুষকে জিম্মি করে ব্যবসা করতে চাইছে।

তারা জানান, বিগত ১/১১-এর সময় ভূরুঙ্গামারী থেকে রংপুর রুটে সরাসরি মেইল বাস নিয়মিত চলাচল করত। কিন্তু কিছুদিন চলার পর কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতি বিভিন্ন অজুহাতে তা বন্ধ করে দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে বিএনপি সরকার আসার পর গত ১ ফেব্রুয়ারি থেকে আবারও ভূরুঙ্গামারী-রংপুর সরাসরি মেইল বাস সার্ভিসটি চালু করা হয়। কিন্তু গত ১ জুন থেকে কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতি আবারও এই রুটের সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়।

বক্তারা আরও জানান, এর আগে গত ৩১ মে একই দাবিতে কুড়িগ্রাম জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির পক্ষ থেকে নাগেশ্বরী ও কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত দাবি জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে এই রুটে সরাসরি মেইল বাস সার্ভিস স্থায়ীভাবে চালু করার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *