মঙ্গলবার, জুন ১৬

নাগেশ্বরীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নাগেশ্বরী-সাপখায়া সড়কের তেলিয়ানিরপাড় এলাকায় ১.৫ কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সুমনা কনস্ট্রাকশন এর মাধ্যামে নাগেশ্বরী এলজিইডির আওতায় দেড় কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণকাজ সম্পন্ন করা হয়নি। প্রকল্প অনুযায়ী রাস্তার পাশে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়নি। ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও পানির প্রবাহ বৃদ্ধি পেলে অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়তে পারে।

‎জানা গেছে, প্রকল্পটির মোট বরাদ্দ ৭৫ লাখ ২৫ হাজার ৪১ টাকা। এর মধ্যে কার্পেটিং কাজে ব্যয় ধরা হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪৫৬ টাকা এবং মাটির কাজের জন্য বরাদ্দ রয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, মাটির কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়নি।

‎স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্মাণকাজে যথাযথ তদারকির অভাব এবং নিম্নমানের বাস্তবায়নের কারণে সরকারি অর্থের অপচয় হচ্ছে। তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন।

‎এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রাস্তার টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডি নাগেশ্বরী উপজেলা ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল রাজিব এর বক্তব্য নেওয়ার জন্য তার মোবালেই ফোনে চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

‎তবে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎স্থানীয়দের মতে, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে সরকারি অর্থ ব্যয়ের সুফল থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *